সময়ের চিত্র ডেস্ক:
রমজানে বাজারে মূল্য ও ওজনের অনিয়ম ঠেকাতে মাদারীপুরের শিবচর বাজারে অভিনব কৌশলে অভিযান পরিচালনা করা হয়েছে। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনের পর একাধিক অসংগতি শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
স্থানীয় সূত্র জানায়, সকালে ছদ্মবেশে বাজারে প্রবেশ করে তিনি মাছ, মাংস, মুদি ও ফলের দোকান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মতো অনিয়ম ধরা পড়ে।
পরবর্তীতে ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।