হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি চলাচল উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নলছিরা ফেরিঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে উভয় দলের নেতাকর্মীরা ঘাট এলাকায় উপস্থিত হন। এ সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়। অপরদিকে বিএনপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এনসিপির কর্মীরা।
এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণার কথা জানান। তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, “হাতিয়ার মানুষ জানে কারা সহিংসতার রাজনীতি করছে। বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।