পঞ্চগড়ে জামায়াতের নির্বাচনী জনসভা

১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান ড. শফিকুর রহমানের

পঞ্চগড় প্রতিনিধি :

১০ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে দেশের নদী ও মানুষের জীবনে নতুন প্রাণ ফিরে আসবে। তিনি বলেন, “আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমরা কথা দিচ্ছি—নদীর জীবন যেমন ফিরবে, তেমনি মানুষের জীবনেও ফিরে আসবে প্রাণচাঞ্চল্য, ইনশাল্লাহ।”

শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশের চারটি প্রধান নদী পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, “এই নদীগুলোর কি কোনো অভিভাবক ছিল না? তাহলে তারা মারা গেল কেন?” কিছু রাজনৈতিক শক্তিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ওরা পাঁচ বছরে একবার আসে, বাকি সময় খুঁজে পাওয়া যায় না। আবার কেউ কেউ বসন্ত এলেই কোকিলের মতো কুহু কুহু ডাক শুরু করে।”

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সম্ভাবনাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে। “এই অঞ্চলের মাটি উর্বর, সম্পদে ভরপুর। পাঁচ বছর সময় পেলে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব। কোনোভাবেই এই এলাকা পিছিয়ে থাকার কথা নয়,”—বলেন জামায়াত আমির।

জনসভায় তিনি দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “যারা লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ ফিরিয়ে আনা হবে। ভবিষ্যতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না।”

তিনি বলেন, শহীদ পরিবার, জুলাই আন্দোলনের যোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীরদের প্রতি জামায়াত ঋণী। “রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের সম্মান রক্ষা করব এবং সেই ঋণ শোধের চেষ্টা করব,”—বলেন তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ ১০ দলীয় জোটের নেতারা। এ সময় পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী শফিউল আলমও উপস্থিত ছিলেন।

সভা শেষে ড. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী শফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

এই বিভাগের আরো খবর