সময়ের চিত্র ডেস্ক :
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা দিয়ে নির্বাচনি কর্মসূচির সূচনা করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং ধর্মের অপব্যবহার নিয়ে জনগণকে সতর্ক করেন।
জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি উপস্থিত এক ব্যক্তিকে মঞ্চে ডেকে প্রশ্ন করেন— কাবা শরিফের মালিক কে? ওই ব্যক্তি উত্তরে বলেন, ‘আল্লাহ’। এরপর তিনি পৃথিবী, সূর্য-নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে— এমন একাধিক প্রশ্ন করেন। প্রতিটি প্রশ্নের জবাবেই ‘আল্লাহ’ বলেন ওই ব্যক্তি। এ সময় জনতাও সমস্বরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে সাড়া দেয়।
এরপর তারেক রহমান বলেন, যেসব বিষয়ের মালিক আল্লাহ, সেগুলো দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অথচ নির্বাচনের আগেই একটি দল নানা প্রতিশ্রুতির কথা বলছে, যা ধর্মীয়ভাবে শেরকির শামিল। তিনি বলেন, যাদের মালিকানা মানুষের নয়, সেসব বিষয় নিয়ে কথা বলে জনগণকে আগেই প্রতারণা করা হচ্ছে। তাহলে নির্বাচনের পর কী হবে, তা মানুষকে বুঝতে হবে।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদের শেরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে— যা অত্যন্ত ভয়াবহ। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, “অনেকে বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি— এবার তাদের আসল রূপ দেখুন।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সংগ্রামে কার ভূমিকা কী ছিল, তা বাংলার মানুষ জানে। যাদের কারণে এ দেশের মানুষ প্রাণ দিয়েছে, মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছে— তাদের ইতিহাস মানুষ ইতোমধ্যেই বিচার করে ফেলেছে।
তিনি বলেন, কুফরি, মিথ্যাচার ও হটকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘টেক ব্যাক বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে, এবার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোটাধিকার বা মতপ্রকাশের স্বাধীনতা নয়, মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, ভালোভাবে খেয়ে-পড়ে বাঁচতে পারে— সেটাই ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।
এই বিভাগের আরো খবর