শীত উপেক্ষা করে সিলেটে বিএনপির জনসভাস্থলে রাত থেকে নেতাকর্মীদের ভিড়

সিলেট প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল জনসভা। এ উপলক্ষে কনকনে শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিএনপির হাজারো নেতাকর্মী।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ওই মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেট থেকেই দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে।

এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তিনি রাত ৯টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত ৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (র.)–এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (র.)–এর মাজার জিয়ারত শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তিনি রাতেই নগরীর একটি হোটেলে ফিরে যান।

এদিকে জনসভাকে কেন্দ্র করে রাত ১০টার পর থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা আসতে শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে বাসযোগে নেতাকর্মীরা এসে মাঠে অবস্থান নেন। কেউ স্লোগানে মুখরিত করছেন মাঠ, কেউ দলীয় বক্তব্য দিচ্ছেন নিজ নিজ গ্রুপে।

মাঠে রাতযাপনের জন্য শামিয়ানা ও প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “শীত উপেক্ষা করে নেতাকর্মীরা অনেক আগেই মাঠে অবস্থান নিয়েছেন। এটি দলের প্রতি তাদের গভীর ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।”

রাত ১২টার দিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও যুগ্ম আহ্বায়ক শাকিল মোরশেদ মাঠে বক্তব্য দেন।

বিএনপি সূত্র জানায়, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রায় ২০ বছর পর সিলেটে এসে তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছেন। সর্বশেষ ২০০৫ সালে তিনি সিলেট সফর করেছিলেন। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

বিএনপির ঐতিহ্য অনুযায়ী, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নির্বাচনের আগে সিলেট থেকে প্রচারণা শুরু করতেন।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ একাধিক স্থানে জনসভায় বক্তব্য দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দলীয় নেতারা।

এই বিভাগের আরো খবর