স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয় এবং পরে বিষয়টি সামনে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় দুই দিন আগে যুবকটিকে হত্যা করা হয়েছে। মরদেহটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাত পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেট এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসী নিচতলায় গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর সহায়তা নেয়। যৌথভাবে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার রাতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।