সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় আহত অবস্থায় আরও অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। চার মিনিট পর ফায়ার সার্ভিসে খবর পৌঁছালে উত্তরা ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং পরে সকাল ১০টার দিকে তা সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় এবং আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।