যেকোনো সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা সংঘাতের পথে হাঁটতে চায়, তাহলে তেহরান সম্পূর্ণ প্রস্তুত—এমন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন।

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।

তার ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত।

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি পরীক্ষা করতে চাইলে তার জবাব দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে—এ কথা উল্লেখ করে আরাগচি বলেন, “ওয়াশিংটন যদি আমাদের শক্তি যাচাই করতে চায়, আমরা প্রস্তুত। তবে আমি আশা করি যুক্তরাষ্ট্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে আলোচনার পথই বেছে নেবে।” একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইসরায়েলের স্বার্থে যারা যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়াতে চায়, তাদের পরিণতি বিবেচনা করা উচিত।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চলমান আন্দোলনে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে। তার অভিযোগ, এসব গোষ্ঠী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী—উভয়ের ওপরই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তেহরানের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই কর্মসূচি থেকেই ধীরে ধীরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের অধিকাংশ শহর ও গ্রামে আন্দোলন বিস্তৃত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। বর্তমানে এসব আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান সরকার যদি কঠোর ও সহিংস উপায়ে আন্দোলন দমন করে, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে অর্থনৈতিক সংস্কারের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জনগণের দাবি শোনার এবং সংকট সমাধানে তার সরকার আলোচনায় প্রস্তুত।

সূত্র: আলজাজিরা।

 

এই বিভাগের আরো খবর