সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর কাওরানবাজার এলাকার তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় মূল শুটারসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার সকালে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো ব্যক্তি জিনাত এবং ঘটনার পরিকল্পনাকারী হিসেবে পরিচিত বিল্লাল। অপর একজন তাদের সহযোগী হিসেবে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আবারও সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।