জকসু নির্বাচন: চার বিভাগে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি বিভাগের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে এসব ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। চারটি বিভাগে তিনি মোট ৪২৮ ভোট অর্জন করেছেন।

ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আলীম আরিফ। চার বিভাগে তার প্রাপ্ত ভোট ৪১৯। এ পদে তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৬ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে একই প্যানেলের মাসুদ রানা ৪০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩০৬ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগের ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর