ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি পুরোনো ব্রিজের রেলিং ভেঙে ডালবোঝাই ট্রাক কুমার নদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডাল নিয়ে একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ভোরে প্রথমে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল প্রায় ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।