মধ্যরাতে আদালতে তোলা হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তারের পর মধ্যরাতে আদালতে হাজির করেছে পুলিশ। জুলাই আন্দোলনের সময় বানিয়াচং থানায় অগ্নিসংযোগের বিষয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত প্রায় ১২টার দিকে মাহাদীকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে সন্ধ্যা পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে আন্দোলনের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রাতেই মাহাদীকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—সন্তোষ হত্যাকাণ্ডের কোনো মামলায় মাহাদীকে গ্রেপ্তার করা হয়নি। থানাকেন্দ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে মামলা চলবে না বলে জানানো হয়েছে, ফলে এই মামলায় গ্রেপ্তারের আইনগত ভিত্তি নেই। মাহাদী জামিনে মুক্ত হলে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করা হবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর