সময়ের চিত্র ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে গত বুধবার থেকে আজ পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও শোকের প্রতীক হিসেবে পতাকা অর্ধনমিত রয়েছে।
শোক কর্মসূচির অংশ হিসেবে আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটিও দেওয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
এরপর বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লাস
এই বিভাগের আরো খবর