সময়ের চিত্র ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। জানাজার নির্ধারিত সময়ের বহু আগেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ সেখানে উপস্থিত হন।
সরেজমিনে দেখা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জনস্রোত বাড়তে থাকে। জানাজা শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগেই বিপুলসংখ্যক মানুষ সেখানে অবস্থান নেন। চারদিক থেকে মানুষ খণ্ড খণ্ড মিছিল ও ব্যক্তিগত উদ্যোগে এসে জড়ো হচ্ছেন।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়িতে বসে থাকতে পারিনি। নিজের খরচে এসেছি প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে।”
নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, “এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী বাংলাদেশের রাজনীতিতে আবার দেখা যাবে কি না সন্দেহ। শেষ বিদায়ে শরিক হতে চলে এসেছি।”
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ মানিক মিয়া অ্যাভিনিউতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকাজুড়ে জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।
তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজা উপলক্ষে আজ বুধবার এক দিনের সাধারণ ছুটির ঘোষণাও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।