সময়ের চিত্র ডেস্ক:
জাতীয় সংসদ ভবনের পাশের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ জিয়াউর রহমানের মাজারের নকশা ও স্থাপত্যকাজ যেসব প্রকৌশলী ও প্রতিষ্ঠান সম্পন্ন করেছিলেন, এবারও একই প্রতিষ্ঠানকে দিয়ে বেগম খালেদা জিয়ার কবর খনন ও বাঁধাইয়ের কাজ করা হচ্ছে। এতে করে মূল স্থাপত্য নকশার কোনো পরিবর্তন হবে না।
বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান, ২০০২ সালে জিয়া উদ্যানের এই সমাধি প্রাঙ্গণ নতুন করে সংস্কার করা হয়। সে সময় একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ও আশপাশের এলাকা নান্দনিকভাবে গড়ে তোলা হয়। সেই নকশা ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই এবার বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে সমাহিত করা হবে।
তিনি আরও জানান, ২০০২ সালে সংস্কারের সময় বেগম খালেদা জিয়ার কবরের জন্য আলাদা জায়গা সংরক্ষণের কোনো নির্দেশনা ছিল না। থাকলে তখনই দুটি কবরের জন্য উপযুক্ত পরিকল্পনা করা যেত।
বর্তমানে পরিবারের পক্ষ থেকে শহীদ জিয়ার কবরের পাশে বেগম খালেদা জিয়ার কবর স্থাপনের অনুরোধ জানানো হলে সে অনুযায়ী কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।
মাসুদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার কবরেও শহীদ জিয়ার কবরের মতোই সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই নকশায় সবুজ ঘাসে ঘেরা থাকবে। এতে সমাধি প্রাঙ্গণের মূল অবয়ব ও নান্দনিকতায় কোনো পরিবর্তন আসবে না।