নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যু দেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির নেতৃত্বে, এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র ও আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ও। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।