সময়ের চিত্র ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ইতোমধ্যে ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মোট ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনে সংগ্রহ করা হয়েছে ৩৪৪টি মনোনয়নপত্র।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
সকালে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালাম। একই সময়ে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ববি হাজ্জাজও তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকলে কিংবা মিছিল বা শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে।
তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি অংশ নিতে পারছে না। তবে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।