আজ বিকেলে শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা, সংগ্রহ করেছেন ২ হাজার ৭৮০ জন

সময়ের চিত্র ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা আজ বিকেল ৫টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে রবিবার পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩১টি মনোনয়নপত্র।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। সময় বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশনে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি।

ইসি এর আগে একটি পরিপত্র জারি করে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, জামানত জমা, প্রস্তাবক ও সমর্থকের যোগ্যতা, রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান, মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পুরো প্রক্রিয়া জানিয়ে দেয়।

নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ভোটার নম্বর, নির্বাচনি এলাকা, উপজেলা ও জেলার তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রস্তাবক ও সমর্থকের নাম, ভোটার নম্বর ও স্বাক্ষরসহ হলফনামা দাখিল বাধ্যতামূলক।

হলফনামায় প্রার্থী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের আয়-ব্যয়ের উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ, ঋণ সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং কোনো ফৌজদারি মামলার তথ্য থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এছাড়া নির্বাচনি ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের বিবরণ, সর্বশেষ আয়কর রিটার্ন ও কর পরিশোধের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে দলের মনোনয়নপত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

স্বতন্ত্র প্রার্থীদের গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট আসনের অন্তত এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকা জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত জামানতের রশিদ বা চালানও দাখিল করতে হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

আজই রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

এই বিভাগের আরো খবর