সময়ের চিত্র ডেস্ক:
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে অবস্থানের পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে।
তথ্য অনুযায়ী, ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, যা বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ব্যতিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করেছে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি সেখানে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং প্রিয় নেতাকে একনজর দেখার আশায় বুধবার রাত থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সবার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে একই স্লোগান—‘লিডার আসছে’।