সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশের পরবর্তী তথা ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সরকার শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন (গেজেট) জারি করবে। আগামী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে জুবায়ের রহমান চৌধুরীর।
সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অবসর গ্রহণের আগে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
তার অনুপস্থিতিতে এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জীবনপঞ্জি অনুযায়ী, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।