সময়ের চিত্র রিপোর্ট:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, জানাজা শেষে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে।
এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো ছাত্র ও সাধারণ মানুষ জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় জড়ো হন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। চীন থেকে আনা আটটি আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশির পর অংশগ্রহণকারীরা প্লাজায় প্রবেশ করেন।