সময়ের চিত্র ডেস্ক:
ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের নিরাপদে বের করে আনতে গেলে একদল বিক্ষোভকারী তার ওপর চড়াও হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার দিকে তেড়ে আসছেন; এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
সেদিন রাতে ইনকিলাব মঞ্চ–এর মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ তীব্র হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শাহবাগ থেকে মিছিল নিয়ে একটি দল কারওয়ান বাজার অভিমুখে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। উত্তেজিত জনতা কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানে অবস্থানরত বেশ কয়েকজন সাংবাদিক আটকা পড়েন।
পরবর্তীতে একই বিক্ষোভকারী দল ফার্মগেট এলাকায় অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর ভবনেও হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। গভীর রাত পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করে।