ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে ছাত্র–জনতার জমায়েত

সময়ের চিত্র ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি-এর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্র–জনতার ঢল নেমেছে। ভোরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে জড়ো হচ্ছেন।

 

সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ চত্বরে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা হাতে ও নানা স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘অন্যায়ের বিচার চাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

 

শনিরআখড়া থেকে আসা মাদ্রাসাশিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, একজন সাহসী ও দেশপ্রেমিক মানুষকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত। তিনি জানান, প্রতিবাদ জানাতেই ভোরে শাহবাগে এসেছেন।

 

রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু দেশজুড়ে নাড়া দিয়েছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

 

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। রাতভর একাধিক স্থানে সড়কে নেমে প্রতিবাদ জানায় ছাত্র–জনতা।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

 

হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে থমথমে পরিস্থিতির পাশাপাশি জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর