সময়ের চিত্র ডেস্ক:
উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্ক–এ অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি–জেএফপি) বুধবার দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইভ্যাক বাংলাদেশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টার পর কেন্দ্রটিতে আর কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। নির্ধারিত সময়ে যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতঘনিষ্ঠ রাজনৈতিক দল, গণমাধ্যম ও কিছু সরকারি কর্মকর্তার কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।