হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন নিয়ে আতঙ্কের কারণ নেই—সিইসি

সময়ের চিত্র ডেস্ক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা না রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়নি। মাঝে মধ্যে দু’একটি সহিংস ঘটনা ঘটলেও সেগুলোকে সামগ্রিক পরিস্থিতির প্রতিচ্ছবি হিসেবে দেখা ঠিক নয়। হাদির ওপর হামলার ঘটনাকেও তিনি এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার অংশ হিসেবে উল্লেখ করেন।

 

সিইসি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সময়ে অতীতেও দেশে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব নতুন কিছু নয়। তবে সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত।

 

আইনশৃঙ্খলার উন্নতির দিক তুলে ধরে তিনি বলেন, কিছু সময় আগে যে অস্থিরতা ছিল, এখন তা অনেকটাই কেটে গেছে। বর্তমানে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে।

 

তিনি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং নির্বাচন পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের পূর্ণ প্রস্তুতির কথা কমিশনকে জানিয়েছে।

 

বক্তব্যের শেষে সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়েই একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এই বিভাগের আরো খবর