হাদি হামলা তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

সময়ের চিত্র ডেস্ক:

ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে দ্রুততম সময়ে পরিকল্পনাকারী ও হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠকে কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিশ্লেষণের কাজ চলছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন— হামলায় জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য সীমান্তে তাৎক্ষণিক নজরদারি বাড়াতে হবে।

 

তিনি আরও বলেন, “জুলাইয়ের ঘটনাপ্রবাহে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকতে পারেন, তাদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

 

বৈঠকে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী চক্রের আস্তানা চিহ্নিতকরণ ও অভিযান কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন বলেও জানা যায়।

 

বৈঠকে আইন, স্বরাষ্ট্র, তথ্য, জ্বালানি, স্থানীয় সরকার, সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদৃষ্টাসহ সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর