সময়ের চিত্র ডেস্ক:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় র্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৫)কে শ্বাসরোধে হত্যা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র্যাব-২–এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী। ঘটনার সময় লিপির সঙ্গে ঘরে ছিলেন তার ১১ বছর বয়সী মেয়ে নিথি আক্তার। দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখে বলে জানা গেছে। লিপি আক্তার দীর্ঘ কয়েক বছর ধরেই মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, রাতে মা–মেয়ে ঘুমিয়ে থাকার সময় ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোরকে লিপি চিনে ফেলায় তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি বাচ্ছু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।