রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত  ৩১ 

সময়ের চিত্র ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তার পরিচালিত বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

বুধবার (১০ ডিসেম্বর) রাতের দিকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ম্রাউক-ইউ এলাকার জেনারেল হাসপাতাল লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে জান্তা বাহিনী। নির্বাচন সামনে রেখে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ পুনর্দখলের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ত্রাণকর্মী ওয়াই হুন অং জানান, হামলার পরপরই হাসপাতালে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র চোখে পড়ে। “এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ শনাক্ত করা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে,” বলেন তিনি। আহত হয়েছেন অন্তত ৬৮ জন।

 

রাতের অন্ধকারে হাসপাতালের বাইরে সারিবদ্ধভাবে সাদা কাপড়ে মোড়ানো বহু লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে এ হামলা সম্পর্কে জান্তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

রাখাইন রাজ্যের বড় অংশই বর্তমানে আরাকান আর্মি (আআ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিন ধরে সক্রিয় এই জাতিগত সশস্ত্র গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্য বিভাগ জানায়, হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যান।

 

সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

এই বিভাগের আরো খবর