রায়েরবাজারে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি

সময়ের চিত্র ডেস্ক:

 

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামা শহিদের পরিচয় নিশ্চিত করতে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিশেষজ্ঞ দল মাটি খনন ও সংগ্রহ কাজ শুরু করে।

 

উদ্ধার করা মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন করা হবে বলে জানিয়েছে সিআইডি। কবরস্থানের ওই অংশটি সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে দাগ চিহ্নিত করে মার্বেল ও টাইলস দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

 

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, “দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়ার পর আজ থেকে আমরা মরদেহ উত্তোলন শুরু করেছি। আমাদের ক্রাইম সিন ইউনিট কয়েক দফায় কবরস্থান পরিদর্শন করেছে।”

 

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতেই এই উদ্যোগ।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত এসব শহিদকে গত বছর অজ্ঞাত পরিচয়ে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর