পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

সময়ের চিত্র ডেস্ক:

সপ্তাহের শুরুতে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সীমান্তের বিভিন্ন স্থানে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে।

 

আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় “হামলা” চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র মোশাররফ জাইদি পাল্টা অভিযোগ তুলে বলেন, আফগান বাহিনী চামান সীমান্তে “বিনা উসকানিতে” গুলি চালায়। তিনি আরো বলেন, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

 

গোলাগুলির এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

 

সীমান্তে নতুন করে এই সংঘর্ষের ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন সৌদি আরবের মধ্যস্থতায় সাম্প্রতিক শান্তি বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তবুও দুই দেশই একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলেছে।

 

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভেতরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বিপরীতে, কাবুলের দাবি—ইসলামাবাদ অযথা চাপ তৈরি করছে এবং আফগান আকাশসীমা লঙ্ঘন করছে।

 

অক্টোবরে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পরই তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দু’পক্ষ সংলাপ শুরু করে। তবে আলোচনার অচলাবস্থা বজায় থাকায় আবারও উত্তেজনা তীব্র হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই বিভাগের আরো খবর