নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুর বাজার ইকোপার্ক প্রাঙ্গণে ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের উদ্যোগে দুই দিন ব্যাপী হিম পার্বন- ১৪৩২ শুরু হলো শুক্রবার । চলবে শনিবার পর্যন্ত। শীতকালীন এই উৎসবের প্রথম দিন ছিলো উপচে পড়া মানুষের ভিড়, মেলার রূপ ছিলো চোখে পড়ার মতো।
মেলায় আগত ক্রেতা- বিক্রেতারা জানান, শ্যামপুরে এ ধরনের আয়োজন আগে কখনো হয়নি। তারা বলেন, এ উদ্যোগ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। বিশেষ করে নারীদের জন্য এটি একটি ইতিবাচক দিক। আমরা চাই প্রতি বছর আরও বড় পরিসরে, খোলা জায়গায় এমন আয়োজন হোক।
স্থানীয় বাসিন্দারা বলেন, পরিবার নিয়ে মেলায় এসে খুব ভালো লাগলো। সার্বিক নিরাপত্তা চমৎকার ছিলো। আশা করি তানভীর সাহেব সামনের বছর আরও বড়ো পরিসরে আমাদের এমন মেলা উপহার দেবেন।
গণমাধ্যমকে তানভীর আহমেদ রবিন জানান, আপনারা জানেন, শ্যামপুর- কদমতলি এলাকায় কোনো খেলার মাঠ নেই। গত ১৮ বছর ধরে এখানকার মানুষ বিনোদন, সংস্কৃতি- সবকিছু থেকেই বঞ্চিত। শীতকাল আমাদের বাঙালির ঐতিহ্যের অংশ। তরুণ প্রজন্মকে সেই কৃষ্টি- সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই আমরা হিম পার্বন- ১৪৩২ আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করবো এবং এ এলাকার দীর্ঘদিনের সব সমস্যা সমাধানে কাজ করবো- ইনশাআল্লাহ।
মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের স্টল ছিলো অন্যতম আকর্ষণ। তাদের পণ্য প্রদর্শনীতে দেখা যায় ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড়। উদ্যোক্তাদের অনেকেই জানান, এ ধরনের আয়োজন তাদের উৎসাহ ও আর্থিক সুযোগ তৈরি করে দেয়।
মেলার পুরো ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ নেন শ্যামপুর বিএনপি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা।