সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এর আগের দিন মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়, যা পরে পর্যায়ক্রমে মেয়াদ বাড়ানো হয়। তবে বিদেশে চিকিৎসার অনুমতি তখন দেওয়া হয়নি।
বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন সময়ে হাসপাতালে নেওয়া হলেও সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।