মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস সেতুর কাছে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের মুহূর্তে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।