নিরাপত্তায় পাচ্ছেন এসএসএফের সেবা

খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষিত

 

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে তার নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতায় বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই সরকার বাড়তি নিরাপত্তা সুবিধা নিশ্চিত করছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এর আগে ২০০৮ সালের নির্বাচনকে ঘিরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কিছু সময়ের জন্য খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল।

এই বিভাগের আরো খবর