সময়ের চিত্র ডেস্ক:
দিনভর ধাওয়া–পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেডের শব্দে উত্তপ্ত থাকা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এলাকায় টহল জোরদার করা হয় এবং যান চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। এর আগে রাত ৯টা ৪৮ মিনিটে সড়কের একটি অংশ খুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় আরও একজন পুলিশ সদস্য আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা বনলতা পয়েন্টের সামনে মিরপুর রোড অবরোধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীদের বড় অংশ সরে গেলেও শতাধিক ব্যক্তি সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
রাত সোয়া ৯টার দিকে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেলেও পরে আর কোনো গুরুতর অস্থিরতা দেখা যায়নি।
সকাল থেকেই আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়তে থাকে। দুপুরে দুটি এক্সক্যাভেটর নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ ভাঙার প্রস্তুতি নিলেও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তা সম্ভব হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
সন্ধ্যার পর সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন।