শিক্ষক আন্দোলন

পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ আহত শিক্ষিকার মৃত্যু 

সময়ের চিত্র ডেস্ক:

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ আহত হওয়া শিক্ষক ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

শিক্ষক নেতাদের দাবি, ৮ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত শিক্ষক পদযাত্রার সময় পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ ফাতেমা আক্তার আহত হন। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, সাউন্ড গ্রেনেডের শব্দ ও ধাক্কায় ফাতেমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে রোববার তিনি মারা যান।

 

ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি ডি. এম. সোলেমানের স্ত্রী।

 

তার মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ এক পোস্টে লিখেছেন, “দশম গ্রেড আন্দোলনের এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। মতলব উত্তরের গর্ব ফাতেমা আক্তার আর আমাদের মাঝে নেই।”

এই বিভাগের আরো খবর