কেরানীগঞ্জে থানায় অগ্নিসংযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এটি অগ্নিসংযোগের ঘটনা হতে পারে। আগুনে সেখানে ডাম্পিং করা একটি লেগুনা পুরোপুরি পুড়ে গেছে।

 

এক নারী প্রত্যক্ষদর্শী জানান, আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করলে দু’জনকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখেন। অন্ধকারের কারণে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

 

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি অগ্নিসংযোগ নয়; ডাম্পিংয়ে থাকা আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা নিয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর