লিবিয়া উপকূলে নৌকাডুবি: চার বাংলাদেশির মরদেহ উদ্ধার

সময়ের চিত্র ডেস্ক:

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে ইউরোপমুখী দু’টি নৌকা ডুবে চারজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। প্রায় একশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী নৌযান দুটি বৃহস্পতিবার রাতে ডুবে যায়। পরে শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার অভিযানের বিস্তারিত জানায়।

 

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

অন্য নৌকাটিতে ছিলেন ৬৯ জন অভিবাসী—এর মধ্যে দুজন মিসরীয় ও ৬৭ জন সুদানি, যাদের মধ্যে আটজন শিশু রয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা জীবিতদের খোঁজ, মরদেহ সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ চালিয়ে যাচ্ছে।

 

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার প্রধান রুট হিসেবে পরিচিত। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে চলমান অস্থিতিশীলতার সুযোগে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে সাড়ে আট লাখের বেশি বিদেশি নাগরিক লিবিয়ায় অবস্থান করছে বলে ধারণা আন্তর্জাতিক সংস্থাগুলোর।

 

মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের অভিযোগ, লিবিয়ায় অভিবাসীরা নিয়মিতভাবেই নির্যাতন, চাঁদাবাজি ও যৌন সহিংসতার শিকার হয়। ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন রোধে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও, ওই বাহিনীর সঙ্গে বিভিন্ন মিলিশিয়ার সম্পর্ক ও অনিয়মের অভিযোগও রয়েছে।

 

অন্যদিকে, রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমে যাওয়ায় ভূমধ্যসাগর পাড়ি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর