নিরাপত্তা জোরদারসহ দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিচারকদের

সময়ের চিত্র ডেস্ক:

 

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের হামলায় তার পুত্র তাওসিফ রহমান সুমনের মৃত্যু এবং স্ত্রী তাসমিন নাহারের গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি দুই দফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়—

 

দাবি দুটি হলো:

 

সারাদেশের সব আদালত, বিচারকের সরকারি বাসস্থান ও যাতায়াতপথে দ্রুত পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।

 

রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং গ্রেপ্তার আসামিকে অযথা গণমাধ্যমে হাজির করে অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

 

 

অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ও দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে রোববার (১৬ নভেম্বর) থেকে সারাদেশের বিচারকেরা কলমবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

 

বিবৃতিতে বলা হয়, দিনের আলোয় বিচারক পরিবারের ওপর এমন নৃশংস হামলায় পুরো বিচার বিভাগ স্তম্ভিত। সুপ্রিম কোর্ট বারবার আদালত, ট্রাইব্যুনাল, এজলাস, বিচারকদের বাসভবন ও যানবাহনের নিরাপত্তা জোরদারের জন্য সরকারকে চিঠি দিলেও কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।

 

অ্যাসোসিয়েশনের অভিযোগ— বিচার বিভাগের সদস্যরা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেও দীর্ঘদিন ধরে অরক্ষিত। অনেক জেলায় বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহনের অভাব রয়েছে। চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও দুর্বিষহ হওয়ায় অনেককে ভাড়া বাসায় থাকতে হয় এবং রিকশা, ভ্যান বা হেঁটেই যাতায়াত করতে বাধ্য হন। তাদের মতে, এই অবহেলা ও গাফিলতির ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে এক ব্যক্তি হামলা চালিয়ে তাওসিফ রহমান সুমনকে হত্যা করে এবং তার মা তাসমিন নাহারকে আহত করে। হামলাকারীও পরে আহত অবস্থায় আটক হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি পেশায় চালক এবং পূর্ববিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে।

এই বিভাগের আরো খবর