পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ

সময়ের চিত্র ডেস্ক:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

সকালে নাওডোবা এলাকায় দলীয় কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সকাল সাড়ে আটটার দিকে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও এক্সপ্রেসওয়ের একটি বড় অংশে এখনও গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে আন্দোলনকারীরা সেতুর পশ্চিম পাশে জড়ো হয়ে অবস্থান নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা ট্রাকে আগুন দেয়। আটকেপড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “বুধবার ঢাকায় আমাদের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ আবার সেতু এলাকায় অবরোধ চলছে। যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে আপাতত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

 

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় বাস চলাচল শুরু হবে।

এই বিভাগের আরো খবর