সময়ের চিত্র ডেস্ক:
নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকা থেকে নাম বাদ পড়ায় আমরণ অনশন শুরু করেছিলেন ‘আম জনতার দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন কর্মসূচি থেকে সরে আসেন।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তারেক রহমানকে নেওয়ার পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক সাহসী সৈনিক। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি সবসময় প্রথম সারিতে ছিলেন। তার নিবেদন অনুপ্রেরণার।”
তিনি আরও জানান, ‘আম জনতার দল’ একটি গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছিল, কিন্তু নির্বাচন কমিশন তাদের আবেদন গ্রহণ করেনি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য ইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করছি, নির্বাচন কমিশন মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আবেদনটি আবারও পর্যালোচনা করবে। তারেকের দ্রুত সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসির প্রকাশিত দল নিবন্ধনের তালিকায় ‘আম জনতার দল’-এর নাম না থাকায় তিনি কমিশনের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা এসে তার প্রতি সংহতি প্রকাশ করেন।