১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করা যাবে

সময়ের চিত্র ডেস্ক:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

নতুন ভোটার নিবন্ধনের সুযোগ না থাকলেও, ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে কমিশন। এজন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে।

 

ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর করতে চাইলে নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে জমা দিতে হবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তারা ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন।

 

প্রবাসী ভোটারদের ক্ষেত্রেও আলাদা সময়সূচি নির্ধারণ করেছে ইসি। প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই ৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জমা পড়েছে, সেগুলোর তদন্ত ৬ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

 

ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে সব প্রতিবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে। কমিশন ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনের পরিকল্পনা করছে।

এই বিভাগের আরো খবর