অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:

চলন্ত বাসে আগুন, ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

 

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বিলাসবহুল যাত্রীবাহী বাসে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শুক্রবার ভোরে কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে বাসটি হায়দরাবাদ থেকে রওনা দেয়। ভোর প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে কুরনুলের কাছে পৌঁছালে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্ফুলিঙ্গ তৈরি করে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

 

কুরনুলের জেলা প্রশাসক ড. এ সিরি বলেন, “দুর্ঘটনার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বাসের দরজা আটকে গিয়েছিল, ফলে অনেকে বের হতে পারেননি।” কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

 

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানান, “ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সঠিক উৎস নির্ধারণে তদন্ত চলছে। যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেছিলেন—যারা কাচ ভাঙতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচে গেছেন।”

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী জানালা ভেঙে লাফিয়ে পড়েন। এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে; তাদের মধ্যে ১৫ জন চিকিৎসাধীন। বেশিরভাগ আহত হয়েছেন লাফিয়ে নামার সময়।

 

নানদিয়ালের সংসদ সদস্য বাইরেড্ডি শাবারি বলেন, “অনেক মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।”

 

অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি জানিয়েছেন, বাসটির কাগজপত্র ও নিয়ম মেনে চলা সংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর