সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর তেজগাঁও এলাকার ফার্মগেটের হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে কলেজের ১ নম্বর গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে হঠাৎ করে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি ওই স্থানে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি ককটেল বিস্ফোরিত হলেও, আরও দুটি ককটেল অক্ষত অবস্থায় পড়ে থাকে।
খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান জানান, রাত ১০টার সময় ফার্মগেট হলিক্রস কলেজ গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।