সময়ের চিত্র ডেস্ক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন রোগী।
রোববার (৫ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। এ সময় সারাদেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে—ঢাকা বিভাগের বাইরে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ১০৪ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৮২ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন করে ভর্তি হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে দেশে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন ও অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের কারণে এ বছরও ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তারা সতর্কতা অবলম্বন ও দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।