আগামী তিন দিনের মধ্যে প্লাবিত হতে পারে পাঁচ জেলা

সময়ের চিত্র ডেস্ক:

আগামী তিন দিনে সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে অন্তত পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, ৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং ভারতের সংলগ্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

নদীর পানির বর্তমান অবস্থা:

রংপুর বিভাগে তিস্তা নদীর পানি ইতোমধ্যে বেড়েছে, ধরলা নদীর পানি কমেছে এবং দুধকুমার নদী স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে তিস্তার পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বেড়েছে, কংস নদী স্থিতিশীল রয়েছে। আগামী দিনে এ নদীগুলোর পানি বাড়তে পারে। ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদী-সংলগ্ন এলাকায় সাময়িক বন্যার সম্ভাবনা রয়েছে।

রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি বেড়েছে। তবে আত্রাই, মহানন্দা, ঘাঘটসহ কয়েকটি নদীর পানি কমেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে এখানেও পানি দ্রুত বাড়তে পারে।

উপকূলীয় নদীর অবস্থা:

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের উপকূলীয় নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ার দেখা যাচ্ছে। আগামী একদিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

এই বিভাগের আরো খবর