সময়ের চিত্র ডেস্ক :
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। প্রতি শিক্ষার্থীর পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। একই সময়ে ফি জমা দেওয়ার শেষ তারিখও নির্ধারিত হয়েছে।
এর আগে ১২ অক্টোবর পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে (১৩-১৯ অক্টোবর) ইএফএফ সিস্টেমের মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে কোনো প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের শিক্ষার্থী থাকলে প্রতিষ্ঠানপ্রধানকে তাদের তালিকা ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে তালিকা জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ ক্ষেত্রে দায়ভার বহন করতে হবে প্রতিষ্ঠানপ্রধানকেই।
পরীক্ষার সময়সূচি:
সূচি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা চলবে।
প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।
বিজ্ঞানের পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ ঘণ্টা ৩০ মিনিট—এই দুটি মিলিয়ে তিন ঘণ্টায় নেওয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা :
পরীক্ষার্থীদের উদ্দেশে বোর্ড কিছু নির্দেশনা দিয়েছে—
1. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
2. প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
3. উত্তরপত্রের ওএমআর ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং ভাঁজ করা যাবে না।
4. শুধুমাত্র বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
5. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।