সময়ের চিত্র ডেস্ক:
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ দুই দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে মাঠপর্যায়ের তদন্ত শেষে ২২টি দলের তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে যোগ্য মনে করা হয়েছে।
তিনি জানান, আরও ১২টি দলের আবেদন নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে এবং ৭টি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।
পর্যবেক্ষণে থাকা দলসমূহ
তিনটি দলকে ইসির বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এগুলো হলো—
বাংলাদেশ আম জনগণ পার্টি
জাতীয় জনতা পার্টি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)
এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নিবন্ধন পাবে বলে জানিয়েছেন ইসি সচিব।
অধিকতর তদন্তের আওতায় ৯ দল
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও ৯টি দলের কার্যকারিতা যাচাই করতে তদন্ত চালানো হবে। এগুলো হলো—
আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।
বাতিল হওয়া দল
মাঠপর্যায়ের তদন্ত শেষে যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে সেগুলো হলো—
ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।