নরসিংদী প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজায় মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে। সেখানে মা–বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। অসুস্থ হয়ে পড়ার পর তাকে ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ থেকে টানা সংসদ সদস্য ছিলেন। সরকারের শেষ দুই মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই মনোহরদী ও বেলাব উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ স্কুল মাঠে ভিড় জমায়। মরদেহ পৌঁছালে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।