পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদরদপ্তরের কাছে এ ঘটনা ঘটে।

 

বিস্ফোরণের পর আশপাশের ভবন ও দোকানপাট কেঁপে ওঠে, মুহূর্তেই চারপাশ আতঙ্কে ভরে যায়। স্থানীয় গণমাধ্যম জানায়, মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশকালে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। শক্তিশালী এ বিস্ফোরণে নিকটবর্তী যানবাহন ও ভবনের জানালা ভেঙে যায়।

 

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে চারজন সন্ত্রাসীকে হত্যা করে। আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল, ট্রমা সেন্টার ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বেলুচিস্তান প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবার উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ঘটনার নিন্দা জানিয়ে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। পাকিস্তানের জনগণকে দুর্বল করার চেষ্টা কখনো সফল হবে না।”

 

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, ভারত সমর্থিত সন্ত্রাসীরা এর পেছনে জড়িত। তিনি আরও বলেন, পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হবে।

 

হামলার পর পুরো কোয়েটা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে।

এই বিভাগের আরো খবর